​ডিএমপির ছয় কর্মকর্তাকে বদলি

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৭:০৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৭:০৭:১৩ অপরাহ্ন
রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাতজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে লজিস্টিকস বিভাগের প্রকিউরমেন্ট শাখার সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে পিওএম-পশ্চিম বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজার রহমানকে প্রটেকশন বিভাগের বঙ্গভবন-নিরাপত্তা-১ শাখায় সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। ওয়েলফেয়ার ও ফোর্স বিভাগের নারী পুলিশের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের পেট্রোল-ক্যান্টনমেন্ট শাখায় এবং মো. সাকিলুর রহমানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

কার্যালয় আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। জনস্বার্থে এ নির্দেশ কার্যকর থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নতুন কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :