​সিঙ্গাপুর থেকে আমদানি হচ্ছে এক কার্গো এলএনজি

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:১৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৭:৩৮:০৮ অপরাহ্ন
দেশের জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ৯৫০ কোটি টাকা। এছাড়া ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার কেনা হচ্ছে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি (৩) এর দফা (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে আগামী ১৫ থেকে ১৬ আগস্ট ২০২৬ সময়ের জন্য ৪২তম কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনা হবে।

এ জন্য সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে এই গ্যাস কেনা হবে। এ ক্রয়ে মোট ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা, যার মধ্যে অগ্রিম আয়কর অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া বৈঠকে চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার কেনার অনুমোদন করা  হয়েছে। 

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, কাফকোর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার কেনায় মোট ব্যয় হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা। প্রস্তাবে প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৭ দশমিক ২৫ মার্কিন ডলার। এতে সুপারিশ করা দরদাতা হিসেবে রয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :