​নাসিকের ১০৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:০০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:০০:৪০ অপরাহ্ন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ১০৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এটি বিগত বাজেটের তুলনায় ২৮৫ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার ৯৫৪ টাকা বেশি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সিটি কর্পোরেশনের অডিটোরিয়াম কক্ষে প্রশাসক অ্যাড. মো. সাখাওয়াত হোসেন খান নগরবাসীর সামনে এই বাজেট উপস্থাপন করেন। এটি সিটি কর্পোরেশনের ১৫তম বাজেট।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ১০৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা আয় এবং মোট ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ১৩০ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকবে।

এই বাজেটে রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খাল খনন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, মশক নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ, যানজট নিরসন, সড়কবাতির উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর নাগরিক সুবিধা ও সেবার মান উন্নয়নসহ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রকল্পগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট উপস্থাপন শেষে সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান স্বাস্থ্যকর, নিরাপদ, দারিদ্র্যমুক্ত ও পরিকল্পিত নগর গঠনে সময়মতো হোল্ডিং ট্যাক্স, পানির বিলসহ সব ধরনের ফি পরিশোধ করে নগর উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান।

বাজেট ঘোষণায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন এবং নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :