​অভিনেতা রতনের চিকিৎসার দায়িত্ব নিলেন চিত্রনায়িকা মুক্তি

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০৮:১৯:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০৮:১৯:৩৩ অপরাহ্ন
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি চলচ্চিত্র অভিনেতা ও ফাইট ডিরেক্টর সিরাজ উদ্দিন রতনের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা রুমানা ইসলাম মুক্তি।

অসুস্থতার এই সময়ে সহকর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

গত ২২ জুলাই হার্ট অ্যাটাকের পর দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় রতনকে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যদের জন্য চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়লে এগিয়ে আসেন ‘চাঁদের আলো’খ্যাত রুমানা ইসলাম মুক্তি।

আইসিইউতে চিকিৎসা, ওষুধ এবং অন্যান্য ব্যয়ের দায়িত্বও তিনি নিয়েছেন বলে জানা গেছে।

নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রতন বলেন, ‘আমার এই খারাপ সময়ে ছায়ার মতো দাঁড়িয়েছে মুক্তি। নিয়মিত খোঁজখবর রাখা ও আমার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করছে। মুক্তির বাইরে অভিনেত্রী রঞ্জিতা সহযোগিতা করতে না পারলেও খোঁজখবর রাখছে।

তবে আমার অসুস্থতার খবরে চলচ্চিত্রের আর কোনো মানুষ খোঁজ নেয়নি।’ এ বিষয়ে রুমানা ইসলাম মুক্তি বলেন, ‘আমাদের জীবনটা শুধু নিজেদের জন্য নয়। আমাদের চারপাশে যারা আছেন তাদের প্রতিও আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। আমি বিশ্বাস করি, সৃষ্টিকর্তা আমাদের যে সামর্থ্য দিয়েছেন, তা কেবল নিজেদের সুন্দরভাবে রাখার জন্য নয়। বরং বিপদে অন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য।’

তিনি আরো বলেন, ‘চলচ্চিত্র শিল্প আমার পরিবার। এখানে ক্যামেরার সামনে এবং পেছনে অনেক মানুষ দিন-রাত পরিশ্রম করেন। ফাইটার রতন মামাসহ ইন্ডাস্ট্রির যে কোনো সহযোদ্ধা যখনই কোনো সংকটে পড়েন তখন তাদের পাশে থাকাটা আমি আমার দায়িত্ব মনে করি।’

শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন সিরাজ উদ্দিন রতন। পরে অভিনয়ের পাশাপাশি ফাইট ডিরেক্টর হিসেবেও কাজ করে চলচ্চিত্র অঙ্গনে পরিচিতি পান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘চোর’, ‘দাপট’, ‘নরম গরম’, ‘আপোষ’, ‘বিধাতা’, ‘আঞ্জুমান’, ‘মর্জিনা’, ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’, ‘আমি ডন’, ‘রাজকপাল’ এবং ‘আলতাবানু’।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :