​পটিয়া ও কর্ণফুলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের এখতিয়ার লঙ্ঘন: হাইকোর্টের রুল জারি

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৬:৩৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৬:৩৭:৪৪ অপরাহ্ন
চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী সাব-রেজিস্ট্রার অফিসের অধিক্ষেত্র (এখতিয়ার) লঙ্ঘন করে অনৈতিকভাবে দলিল নিবন্ধনের বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট।

​পটিয়া দলিল লেখক সমিতির পক্ষে দায়ের করা এই রিটের শুনানি শেষে মঙ্গলবার (২৮ জুলাই) বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের দ্বৈত বেঞ্চ সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে এ রুল জারি করেন। আদালতে বাদীর পক্ষে রিট পিটিশনটি শুনানি করেন অ্যাডভোকেট হাজী সাইফুদ্দিন চৌধুরী। হাইকোর্টে রিট করার পূর্বে সমিতির পক্ষ থেকে এ বিষয়ে আইনি (উকিল) নোটিশও পাঠানো হয়েছিল।

​হাইকোর্টের রুল জারির এই আদেশকে নিজেদের 'প্রাথমিক বিজয়' হিসেবে আখ্যায়িত করেছে পটিয়া দলিল লেখক সমিতি।

​সমিতি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পটিয়া সাব-রেজিস্ট্রার অফিসের অধিক্ষেত্রভুক্ত জমি বা সম্পত্তির দলিল অনৈতিকভাবে কর্ণফুলী অফিসে এবং কর্ণফুলী সাব-রেজিস্ট্রার অফিসের অধিক্ষেত্রভুক্ত দলিল পটিয়া অফিসে নিবন্ধন করা হচ্ছিল। এই আইনি অনিয়মের কারণে একদিকে সরকার বিশাল অংকের রাজস্ব হারাচ্ছিল, অন্যদিকে সাধারণ গ্রহীতারা চরম ভোগান্তি ও আইনি জটিলতার শিকার হচ্ছিলেন। এই অনিয়ম বন্ধ ও সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় সোচ্চার হয়ে পটিয়া দলিল লেখক সমিতি হাইকোর্টের দ্বারস্থ হয়।

এদিকে, চট্টগ্রামে হেবা দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত সাম্প্রতিক জটিলতা নিরসনেও বড় ধরনের প্রশাসনিক অগ্রগতি হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ, অতিরিক্ত মহাপরিদর্শক আসরাফুজ্জামান এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (আইআরও) মাহফুজার রহমান খানের সাথে পটিয়া দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চট্টগ্রামে হেবা দলিল রেজিস্ট্রির জটিলতা নিরসনে আইআরও মাহফুজার রহমান খান চট্টগ্রাম জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কক্সবাজারের জেলা রেজিস্ট্রারকে তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এর মাধ্যমে দ্রুতই হেবা দলিল সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

​পটিয়া দলিল লেখক সমিতির সভাপতি শামসুদ্দোহা ও সাধারণ সম্পাদক প্রণব দাশ জানান, সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষা, সরকারি রাজস্ব রক্ষা এবং সাব-রেজিস্ট্রি অফিসের কাজের স্বচ্ছতা ফিরিয়ে আনতেই তাদের এই আইনি ও প্রশাসনিক লড়াই। জালিয়াতি ও অধিক্ষেত্র লঙ্ঘনের বিরুদ্ধে তাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।

পটিয়া সাব রেজিস্ট্রার মেজবাহ উদ্দিন রিট শুনানিতে রুল জারি করার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :