​৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৬:৫১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৬:৫১:২৫ অপরাহ্ন
দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গত বৃহস্পতিবার (২৩ জুলাই) এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে। আদেশ অনুযায়ী, এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানকে এ নির্দেশনার আওতায় আনা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভর্তি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না কেন, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ২২ জুলাই বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হয়েছিল।

বোর্ড জানায়, কয়েকটি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিলেও তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠান এখনো কোনো জবাব দেয়নি। তাই যেসব প্রতিষ্ঠান ব্যাখ্যা জমা দেয়নি, তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা বোর্ডে দাখিল করতে বলা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগার এবং পাঠদানের অনুমতির শর্তসহ অন্যান্য নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা বোর্ডের রয়েছে।

অফিস আদেশের সঙ্গে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :