​পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ০৬:৪৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ০৬:৪৮:১৯ অপরাহ্ন
দেশে বিদ্যুৎ ঘাটতি দূর করতে আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি সারা দেশে সোলার প্যানেল ছড়িয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়ার ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা নিজেদের মতো করে ইতিহাস তৈরি করেছিল। সব ইতিহাস ভুলে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার ঈর্ষানিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে। আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে টেনে তোলার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি। জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা দিয়েছে। সরকার পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের উন্নয়নসহ পুরো দেশে সুষম উন্নয়ন করবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আরো বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিসের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন- বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেস, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হক।

আরও উপস্থিত ছিলেন- বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একে এম আহসানুল হক তৈয়ব জাকির এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটা. ডা. মতিউর রহমান ও সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার। এছাড়াও সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন অধ্যাপক ও গবেষক অংশ নেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :