অনেকে বই নিয়ে ফেরত দেন না: নুহাশপল্লীতে লাইব্রেরি প্রসঙ্গে শাওন

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৪২:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৪৩:৫১ অপরাহ্ন
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন বলেছেন, নুহাশপল্লীতে এখনো সর্বসাধারণের জন্য কোনো লাইব্রেরি করা হয়নি। কারণ আমাদের বাংলাদেশের মানুষের একটু স্বভাব খারাপ। সর্বসাধারণের জন্য লাইব্রেরি উন্মুক্ত করার এক-দুবার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেকে বই নিয়ে আর ফেরত দেন না। তাই আপাতত সর্বসাধারণের জন্য উন্মুক্ত লাইব্রেরি করার পরিকল্পনা নেই। তবে হুমায়ূন আহমেদের সত্যিকারের ভক্তরা তার বই নিজেরাই সংগ্রহ করবেন।

রোববার (১৯ জুলাই) দুপুরে হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নুহাশপল্লীতে লাইব্রেরি স্থাপনের বিষয়ে ভক্তদের দাবির পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় শাওন আরও বলেন, গত ১৪ বছর ধরে হুমায়ূন আহমেদের জন্মদিন ও মৃত্যুবার্ষিকী মূলত নুহাশপল্লীর কর্মীরাই পালন করে আসছেন। সরকার বা রাষ্ট্রের কাছে আমার কোনো চাওয়া নেই। আগে কিছু আশা ছিল, এখন সেটিও নেই। যতদিন নুহাশপল্লীর কর্মী, ভক্ত এবং আমার সন্তানরা থাকবে, ততদিন আমরাই তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করব।

এদিকে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সকাল থেকেই গাজীপুরের পিরুজালী এলাকার নুহাশপল্লীর লিচুতলায় তার ভক্ত, কবি, লেখক ও নাট্যজনেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আগত ভক্তরা বলেন, এই লেখক বাঙালি পাঠকসমাজকে অসংখ্য কালজয়ী সৃষ্টি উপহার দিয়েছেন। বাংলা ভাষা যতদিন থাকবে, ততদিন হুমায়ূন আহমেদ পাঠকের হৃদয়ে বেঁচে থাকবেন। তাকে স্মরণ করতেই প্রতি বছর এই নিভৃত পল্লিতে আসা হয়। তবে নুহাশপল্লীতে কোনো লাইব্রেরি নেই। এখানে একটি লাইব্রেরি থাকলে তার বই পড়ার পাশাপাশি স্মৃতিচারণের সুযোগ তৈরি হতো। তাই নুহাশপল্লী কর্তৃপক্ষের কাছে একটি লাইব্রেরি প্রতিষ্ঠার দাবি জানান তারা।

নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল বলেন, সকাল থেকে আশপাশের কয়েকটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের দিয়ে কুরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। তারা হুমায়ূন আহমেদের কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেয়। এ সময় তার দুই সন্তান নিষাদ ও নিনিত, স্ত্রী মেহের আফরোজ শাওন, পরিবারের সদস্য, ভক্ত ও শুভানুধ্যায়ীরাও কবর জিয়ারত ও মিলাদে অংশ নেন।

উল্লেখ্য, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা ফয়েজ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :