কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় ঢাকলো যুক্তরাষ্ট্রের আকাশ

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০২:৩৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০২:৩৮:৫৫ অপরাহ্ন
কানাডার শত শত দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ঢেকে গেছে। ফলে দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যমতে, যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের বায়ুর মান বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। শহরটির দূষণ সূচক ৬০০-তে পৌঁছায়, যা মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থার নির্ধারিত ‘বিপজ্জনক’ মাত্রার প্রায় দ্বিগুণ।

মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, মিনেসোটা, মিশিগান, উত্তর ইলিনয়, উত্তর ওহাইও এবং কানাডার অন্টারিও অঞ্চলে ধোঁয়ার মাত্রা অত্যন্ত বেশি। মিনিয়াপোলিস, মিলওয়াকি ও টরন্টোর মতো বড় শহরেও বায়ুর মান ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে। এছাড়া মিনেসোটা থেকে মেরিল্যান্ড পর্যন্ত অন্তত ১০টি অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর বায়ুর সতর্কতা জারি করা হয়েছে।

শিকাগোর বাসিন্দা স্টেফানি ভিলানোভা বলেন, বাইরে তাকালে কুয়াশা মনে হলেও আসলে পুরো শহর ধোঁয়ায় ঢেকে গেছে। বাইরে বের হলেই চোখ ও গলায় জ্বালাপোড়া অনুভূত হচ্ছে। তিনি ও তার বাবা দুজনেই মাস্ক পরে বাইরে বের হয়েছিলেন।

খারাপ বায়ুর কারণে মিনেসোটায় বেশ কয়েকটি কনসার্ট, মেলা ও অন্যান্য উন্মুক্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মিনিয়াপোলিসে পৌর সুইমিং পুল, প্রকৃতি ক্যাম্প, গলফ কোর্স এবং সব ধরনের আউটডোর কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কলোরাডো স্টেট ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী এমিলি ফিশার বলেন, বর্তমানে ধোঁয়ার একটি বিশাল প্রবাহ সরাসরি মধ্য-পশ্চিমাঞ্চলের দিকে যাচ্ছে। তার মতে, এটি জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব, যা এখন মানুষের শ্বাস-প্রশ্বাসেও প্রভাব ফেলছে।

নিউইয়র্কেও আকাশ কমলা রঙের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন বিশেষ করে বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং হৃদ্‌রোগ বা শ্বাসকষ্টে আক্রান্তদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি বলেন, এই দিনের পরিস্থিতি সবচেয়ে খারাপ হতে পারে এবং সবাইকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে হবে। শহরের বিভিন্ন লাইব্রেরি, পুলিশ স্টেশন ও ফায়ার স্টেশনে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।

এদিকে রোববার নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

কানাডা সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশজুড়ে বর্তমানে ৮৫৮টি দাবানল জ্বলছে, যার মধ্যে ১১১টি এখনো নিয়ন্ত্রণের বাইরে। সবচেয়ে বেশি আগুন জ্বলছে ম্যানিটোবা, সাসকাচেওয়ান ও অন্টারিও প্রদেশে।

চলতি মৌসুমে কানাডায় প্রায় ৫৯ লাখ একর বনভূমি পুড়ে গেছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে দাবানলের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। গবেষণায় দেখা গেছে, দাবানলের ধোঁয়া দীর্ঘ সময় বাতাসে ভেসে থাকতে পারে এবং হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই ধোঁয়া হৃদ্‌রোগ, স্ট্রোক, ক্যানসার, গর্ভাবস্থার জটিলতা এবং রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :