​জনগণকেই এখন আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে: জামায়াত আমির

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০১:১৫:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০১:১৭:২৫ অপরাহ্ন
চট্টগ্রাম নগরীতে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়ে ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান এবং জড়িতদের রাজনৈতিক ও সামাজিক পরিচয় প্রকাশের দাবি জানান।

ডা. শফিকুর রহমান পোস্টে লেখেন, ‘চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন।’

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়। জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে।’

অপরাধীদের নেপথ্যের আশ্রয়দাতাদের দিকে ইঙ্গিত করে ফেসবুক পোস্টের শেষে জামায়াত আমির প্রশ্ন তোলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’

এর আগে, সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদা না পেয়ে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুট করা হয় বলে অভিযোগ ওঠে।

প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুন সংবাদমাধ্যমকে বলেন, দুদিন আগে বিদেশি একটি নম্বর থেকে ডেভিড ইমন (মোবারক হোসেন ইমন) পরিচয় দিয়ে আমার কাছে ফোন আসে। ফোনে ইমন বলে, ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি। মাসে দিবি ১০ লাখ। এখন থেকে ব্যবসা আমরা করব। চাঁদা না দেওয়ায় তারা আমার প্রতিষ্ঠানে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে। ইমন বিদেশে পলাতক কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী বলে দাবি করেন এই ভুক্তভোগী ব্যবসায়ী।

পুলিশের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরাই এই হামলায় জড়িত। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :