ভারতে বর্জ্যের স্তূপ ধসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৯ কর্মীর মৃত্যু

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৩:০৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৩:০৭:৫১ অপরাহ্ন
ভারতের পশ্চিমাঞ্চলে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের বিশাল স্তূপ ধসে প্রশাসনিক ভবনের ওপর পড়ে অন্তত নয় শ্রমিকের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের পর এ দুর্ঘটনা ঘটে। কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান সোমবার এ তথ্য জানায়।

গত বুধবার পুনের উপকণ্ঠে অবস্থিত অ্যান্টনি ওয়েস্ট প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। পাশের একটি ল্যান্ডফিল থেকে কয়েক হাজার টন বর্জ্যের স্তূপ ধসে পড়ে প্রশাসনিক ভবনের ওপর। এতে ভবনের ভেতরে থাকা ২৩ জন আটকা পড়েন।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ‘টানা বৃষ্টির কারণে পাশের ল্যান্ডফিলের কয়েক হাজার টন বর্জ্য অস্থিতিশীল হয়ে পড়ায় এ ঘটনা ঘটে। এতে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন সেখানে ২৩ জন কর্মী উপস্থিত ছিলেন।’ দুর্ঘটনায় নয়জন নিহত হন। বাকি ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কেন্দ্রটির কর্মকর্তারা জানান, টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়।

ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষা মৌসুমে প্রায়ই ভবন ও নির্মাণসংক্রান্ত দুর্ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে পুরোনো ও জরাজীর্ণ স্থাপনা অনেক সময় ধসে পড়ে।

কাঠামোগত অবস্থা ও নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।

আবহাওয়া পূর্বাভাসকারীরা বলেছেন, চলতি বছরে সম্ভাব্য শক্তিশালী এল নিনো দেশটির স্বাভাবিক আবহাওয়ার ধরণেও পরিবর্তন আনতে পারে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :