​ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৬:১৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৬:১৮:৫৩ অপরাহ্ন
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষা আন্দোলনের সৈনিক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতিতে একজন প্রজ্ঞাবান, সৎ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, দায়িত্ববোধ ও দক্ষতার সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ এবং জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি উল্লেখ করেন, জমির উদ্দিন সরকার আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। দলীয় সংগ্রাম, প্রতিকূল সময় কিংবা রাজনৈতিক সংকট—কোনো পরিস্থিতিতেই তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেও তিনি প্রজ্ঞা, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন।

বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তার ভূমিকার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান বিএনপির ইতিহাসে যেমন চিরস্মরণীয় হয়ে থাকবে, তেমনি দেশের গণতান্ত্রিক অভিযাত্রারও একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং প্রকৃত দেশপ্রেমিককে হারাল। তার সততা, প্রজ্ঞা, আদর্শ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শোকবার্তার শেষাংশে প্রধানমন্ত্রী মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য দোয়া করেন। একই সঙ্গে তিনি মরহুমের পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :