এ মাসেই ঢাকায় আসছেন আতিফ আসলাম

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৩:৪২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৩:৪২:২২ অপরাহ্ন
বাংলাদেশের ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের বহুল প্রতীক্ষিত এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই রাজধানীতে।

বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ঢাকার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেন আতিফ আসলাম। 

পোস্টে তিনি শুধু লিখেছেন, ‘ঢাকা – জুলাই ২৪, ২০২৬’। একই সঙ্গে কনসার্টের টিকিট সংগ্রহের লিংকও শেয়ার করেন এই শিল্পী।

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত ক্রিকেটারস একাডেমিতে বসবে এই সংগীতের আসর। আতিফ আসলামের পাশাপাশি মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার দুপুর ২টায় খুলে দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টার পর গেট বন্ধ করে দেওয়া হবে। বিকেল ৫টায় শুরু হওয়া কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান বলেন, ‘এটি চলতি বছরের সবচেয়ে বড় সংগীত আয়োজনগুলোর একটি। পুরো টিম, শিল্পী এবং দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ।

আমাদের বিশ্বাস, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং সংগীতপ্রেমীদের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।’

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :