​সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০১:৩৫:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০২:৪১:৩৪ অপরাহ্ন
চলতি বছরের জুন মাসে সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন প্রায় দুই হাজার ৮০০ অভিবাসী। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৩৮৮ জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি গেছেন বাংলাদেশ থেকে। এরপর আছে সোমালিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশ। এশিয়া থেকে বাংলাদেশিদের পর আছে পাকিস্তানিরা।

তবে গত দুই বছরের একই সময়ের তুলনায় সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর মোট সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এই সংখ্যা ৩০ শতাংশ কম।

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরও সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই শীর্ষে রয়েছে। এ সময়ে ৪ হাজার ৩১৪ জন বাংলাদেশি ইতালিতে পৌঁছেছেন, যা মোট আগত অভিবাসীদের প্রায় এক-তৃতীয়াংশ।

বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে সোমালিয়া (১,৭০২ জন)। এরপর রয়েছে সুদান (১,৩৭১), পাকিস্তান (১,১৮৫), আলজেরিয়া (১,১০৬), মিশর (৯৩৬), ইরিত্রিয়া (৬৬২), টিউনিশিয়া (৬২৬), মালি (৩১০), নাইজেরিয়া (২৯১), আইভরি কোস্ট (২১৬), ইথিওপিয়া (১৯৯), ইরান (১৮৩), দক্ষিণ সুদান (১৮০) এবং গিনি (১৭৯)। এছাড়া বিভিন্ন দেশের আরো ১ হাজার ১৬৩ জন অভিবাসী রয়েছেন, যাদের মধ্যে পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরাও অন্তর্ভুক্ত।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ইতালিতে পৌঁছেছিলেন ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী। ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪ জন। সেখানে চলতি বছরের একই সময়ে পৌঁছেছেন ১৪ হাজার ৬২৩ জন; যা ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।

মাসভিত্তিক পরিসংখ্যানেও দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিটি মাসেই মোট অভিবাসীর সংখ্যা আগের দুই বছরের তুলনায় কম ছিল। জানুয়ারিতে ১ হাজার ৪৫৭, ফেব্রুয়ারিতে ২ হাজার ৫১০, মার্চে ২ হাজার ১৫০, এপ্রিলে ২ হাজার ৪৫৯, মে মাসে ৩ হাজার ৫৪ এবং জুনে ২ হাজার ৭৫৮ জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব তথ্য ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত সমুদ্রপথে আগমনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে পরিসংখ্যানে সামান্য পরিবর্তন হতে পারে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :