​রেললাইন তলিয়ে যাওয়ায় আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৫:৪৫:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৭:২০:১৩ অপরাহ্ন
চট্টগ্রামে টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ জলাবদ্ধতায় রেললাইনের ওপর পানি জমে গেছে। যার ফলে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের ষোলশহর স্টেশন এলাকায় রেললাইনে পানি জমলে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ট্রেনটি ষোলশহর স্টেশন এলাকা অতিক্রম করে। এসময় ভারী বৃষ্টিতে রেললাইনের ওপর পানি জমে যায়। ইঞ্জিনে পানি প্রবেশে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চালক ট্রেনটি থামিয়ে দেন। এর পর থেকে ট্রেনটি ওই এলাকায় আটকা পড়ে আছে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ট্রেনটি বর্তমানে থামিয়ে রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। রেলওয়ে কন্ট্রোল রুম থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

যাত্রীদের দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটিকে পুনরায় পেছনে টেনে চট্টগ্রামে ফিরিয়ে নেয়ার প্রস্তুতি চলছে।

হঠাৎ ট্রেন থামিয়ে দেয়ার ফলে কক্সবাজারগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে অনেকে আতঙ্কে রয়েছেন। 

তবে রেলওয়ে জানায়, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষ কাজ করছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :