​বিশ্বকাপ থেকে ২৫০ কোটির বেশি টাকা পাচ্ছে কেপ ভার্দে

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৮:১৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৮:১৮:৫০ অপরাহ্ন
ফুটবল শুধু একটি খেলা নয়, অনেক সময় এটি একটি দেশের পরিচয়, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ বদলে দেওয়ার শক্তিও রাখে। চলতি বিশ্বকাপে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে সেই বাস্তবতারই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই মাঠে চমক দেখানোর পাশাপাশি বিপুল অঙ্কের অর্থও অর্জন করতে যাচ্ছে দেশটি।
 
মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের এই দেশটি বিশ্বকাপ অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় লড়াইয়ে হেরে বিদায় নিলেও তাদের অর্জন প্রশংসা কুড়িয়েছে বিশ্বজুড়ে।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে সবাইকে অবাক করে কেপ ভার্দে। এরপর বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে অপরাজিত থেকেই নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।

শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শক্তির বিচারে দুই দলের মধ্যে বড় ব্যবধান থাকলেও মাঠের খেলায় সেটি খুব একটা দেখা যায়নি। দুইবার পিছিয়ে পড়েও দুইবারই সমতায় ফিরে আসে কেপ ভার্দে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে ১১১ মিনিটে আত্মঘাতী গোলের দুর্ভাগ্যে ৩-২ ব্যবধানে হেরে শেষ হয় তাদের স্বপ্নের যাত্রা।

তবে মাঠের লড়াই শেষ হলেও কেপ ভার্দের প্রাপ্তি এখানেই থেমে নেই। চলতি বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে ফিফা মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি বিতরণ করবে, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।

ফিফার নির্ধারিত কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে জায়গা করে নেওয়া প্রতিটি দল পাবে ১০ মিলিয়ন মার্কিন ডলার। এর পাশাপাশি প্রস্তুতি, প্রশিক্ষণ, ভ্রমণ এবং অন্যান্য ব্যবস্থাপনার জন্য আরও ২ দশমিক ৫ মিলিয়ন ডলার দেওয়া হবে।

এ ছাড়া কেপ ভার্দের মতো ছোট ফুটবল দেশগুলোর জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে। যাতায়াত, টিকিট এবং বিভিন্ন সাংগঠনিক ব্যয় মেটাতে তারা ১৬ মিলিয়ন ডলারের বেশি সহায়তা পাবে। অন্যদিকে, গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে ওঠায় আরও ১১ মিলিয়ন ডলার প্রাইজমানি নিশ্চিত করেছে দেশটি। যেখানে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পাবে ৯ মিলিয়ন ডলার, সেখানে শেষ ৩২-এ উঠে বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ রয়েছে অতিরিক্ত ১১ মিলিয়ন ডলার।

সব মিলিয়ে কেপ ভার্দের প্রাপ্তির পরিমাণ দাঁড়াচ্ছে অন্তত ২১ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটির টাকারও বেশি।

এই অর্থ সরাসরি কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের তহবিলে জমা হবে। পরবর্তীতে অবকাঠামো উন্নয়ন, বয়সভিত্তিক ফুটবল, কোচিং কার্যক্রম এবং দেশের ফুটবলের সামগ্রিক উন্নয়নে কীভাবে এই অর্থ ব্যয় করা হবে, সে সিদ্ধান্ত নেবে ফেডারেশন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :