তিন দিন ধরে সাগরে ভাসছিল ১৭ জেলে

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০২:৪২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০২:৪২:২১ অপরাহ্ন
বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার এফবি জাহান নামে একটি ট্রলারের প্রোপেলার (পাখা) ভেঙে বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে এ ঘটনার তিন দিন পর সাগরে ভাসতে থাকা ওই ট্রলারের ১৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার হওয়া ওই ১৭ জেলে পাথারঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলেও জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, গত পাঁচ দিন আগে পাথরঘাটার মৎস্য অবতরণকেন্দ্র বিএফডিসি ঘাট থেকে এফবি জাহান নামে ওই ট্রলারটিতে ১৭ জন জেলে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যান। পরবর্তীতে তিনদিন আগে সাগরের মধ্যে হঠাৎ ট্রলারটির প্রোপেলার (পাখা) ভেঙে বিকল হয়ে যায়। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ট্রলারটি সাগরে ভাসতে থাকে। একপর্যায়ে ভাসতে ভাসতে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে এলে ভুক্তভোগী জেলেরা বিষয়টি ট্রলার মালিককে জানান। পরে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতিকে জানিয়ে কোস্টগার্ড পশ্চিম জোনকে বিষয়টি জানালে সাগরে ভাসতে থাকা জেলেদেরকে উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

এ বিষয়ে বরগুনার মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলার বিকল হয়ে ১৭ জেলে সাগরে ভাসতে থাকার বিষয়টি কোস্টগার্ড পশ্চিম জোনকে জানানো হয়। পরে আজ (শনিবার) বিকেল ৪টার দিকে ট্রলারে থাকা জেলেদের উদ্ধার করেন তারা। এ ঘটনায় উদ্ধার হওয়া সব জেলেই সুস্থ ও স্বাভাবিক আছেন।

বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :