বনের হাতি লোকালয়ে, চরম আতঙ্কে কাপ্তাইবাসী

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০১:৪৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০১:৪৫:৩৬ অপরাহ্ন
কাপ্তাইয়ের কর্ণফুলী বন রেঞ্জের আওতাধীন ফ্রিংখং বিট অফিস সংলগ্ন চিৎমরম মুসলিমপাড়া এলাকায় প্রায়ই বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটছে। এতে স্থানীয় অধিবাসীদের বাড়িঘর, সহায়-সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে ওই এলাকার জনসাধারণ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানায়, প্রায় সময় বন্যহাতির পাল লোকালয়ে প্রবেশ করে অনেক কষ্টে করা মানুষের কলার বাগান, নানাবিধ ফসল, ঘরবাড়ি ও আসবাবপত্রসহ অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করছে। এতে সাধারণ মানুষ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

পাশাপাশি বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিনযাপন করছে। স্থানীয়রা আরও জানায়, বন্যহাতি আমাদের জাতীয় সম্পদ। হাতির কোনো রকম ক্ষতি না করে মানুষ ও বন্যপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে দ্রুত সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে কর্ণফুলী বন রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, হাতির চলাচলের করিডোরগুলো মানুষ দখল করে বাড়িঘর নির্মাণ করে ফেলেছে। ফলে হাতির চলাচলে বিঘ্ন ঘটছে। এতে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে এবং ঘরবাড়িসহ সহায়-সম্পত্তির ক্ষতি সাধিত হচ্ছে।

অন্য একটি সূত্র জানায়, নির্বিচারে বন উজাড়ের ফলে হাতির খাদ্য সংকট প্রকট আকার ধারণ করায় হাতির পাল লোকালয়ে আক্রমণ চালাচ্ছে। এতে বাড়িঘর ভাঙচুর, ফসলি জমির ফসল নষ্ট করছে। হাতির আক্রমণে অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটছে।

সূত্রটি আরও জানায়, হাতির করিডোরের পাশের বসতি উচ্ছেদ করে ক্ষতিগ্রস্তদের অন্যত্র নিরাপদ এলাকায় বসতি স্থাপনের ব্যবস্থা করাসহ হাতির খাদ্য সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে হাতি-মানুষের দ্বন্দ্ব অনেকটা নিরসন হবে।
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :