খামেনিকে শ্রদ্ধা জানালেন কূটনীতিকরা

আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১২:০৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১২:৫২:০৯ অপরাহ্ন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ শুক্রবার ভোরে তার মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নিয়ে আসা হয়।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, দুই দিনব্যাপী সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহটি প্রধান প্রার্থনা কক্ষে রাখা হয়েছে। প্রথম দফায় বিদেশি কূটনীতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা এসে শ্রদ্ধা জানাচ্ছেন।

আজ শুক্রবার থেকে শুরু হওয়া এই আনুষ্ঠানিকতার আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী তেহরানে নিয়ে আসা হয়। খামেনির মরদেহের সঙ্গে মার্কিন-ইসরায়েলের যৌথ হামলায় নিহত অন্যান্য ইরানি কর্মকর্তাদের দেহাবশেষও শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের সব স্তরের মানুষকে এই আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘ইরান যখন বিপ্লবের এই একনিষ্ঠ সেবককে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে, তখন আমি জাতি, ধর্ম, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল মানুষকে এতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে জাতীয় ঐক্য এবং ইসলামী ব্যবস্থার সুমহান আদর্শের প্রতি আনুগত্যের একটি চিরস্থায়ী চিত্র ফুটে উঠবে।’

ইরানি কর্মকর্তাদের মতে, এই জানাজা ও দাফন কর্মসূচিতে ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি শোকাহত মানুষের সমাগম হতে পারে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ শুক্রবার (৩ জুলাই) বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ধর্মীয় নেতাদের অংশগ্রহণে আলি খামেনির বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।

এরপর ৪ ও ৫ জুলাই তেহরানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বিদায় অনুষ্ঠান চলবে। ৬ জুলাই রাজধানী তেহরানেই তার মূল জানাজা অনুষ্ঠিত হবে।

রাজধানীর আনুষ্ঠানিকতা শেষে ৭ জুলাই খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে ইরানের পবিত্র নগরী কোমে। সেখানে ধর্মীয় রীতিনীতি পালনের পর ৮ জুলাই তার মরদেহ নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে।

ইরাকের বাগদাদ, নাজাফ এবং কারবালায় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা খামেনির মরদেহ গ্রহণ করবেন। সেখানে প্রধান শিয়া পবিত্র স্থানগুলোয় তার জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

সপ্তাহব্যাপী এই আনুষ্ঠানিকতার শেষ হবে আগামী ৯ জুলাই। উত্তর-পূর্ব ইরানের অন্যতম পবিত্র শিয়া তীর্থস্থান মাশহাদ শহরের ইমাম আলী রেজা মাজারে শেষ জানাজা শেষে তাকে দাফন করা হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :