বিচারক-আইনজীবীদের পোশাক নিয়ে নতুন নির্দেশনা জারি

আপলোড সময় : ০১-০৭-২০২৬ ১২:৫২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৬ ১২:৫২:২৭ অপরাহ্ন
দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের জন্য পোশাকবিধিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

নতুন নির্দেশনা অনুযায়ী, আজ (বুধবার, ১ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারক ও আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক থাকবে না। গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়েছে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহের বিচারকরা গাউন এবং ক্ষেত্রবিশেষে সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড পরিধান করবেন। তবে এক্ষেত্রে কালো কোট পরিধানের বাধ্যবাধকতা থাকবে না।

এদিকে আইনজীবীদের ক্ষেত্রে পূর্বের নির্দেশনা বহাল রেখে বলা হয়েছে, তারা সাদা ফুলশার্ট অথবা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের জন্যও কালো কোট ও গাউন পরিধান করা বাধ্যতামূলক নয়।

আরও জানানো হয়েছে, এ নির্দেশনা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। বাংলাদেশের প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

নির্দেশনাটি দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল, শ্রম আদালতসহ সংশ্লিষ্ট বিচারিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
 
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :