কিছু জায়গায় লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৬:৪১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৯:০৫:৪২ অপরাহ্ন
দেশে লোডশেডিং পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা চলাকালে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বাজেটের ওপর আলোচনা চলাকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের আগে স্পিকারের কাছে ৩০০ বিধিতে একটি বিবৃতি দেয়ার অনুমতি চান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।

পরে স্পিকার অনুমতি দিলে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের একটি ক্রাইসিস নিয়ে রোববার সংসদে ৩০০ বিধিতে আমি একটি বক্তব্য দিয়েছিলাম। আমাদের বিদ্যুতের দু’টি পাওয়ার জেনারেশন (বিদ্যুৎ উৎপাদন) বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে গতকাল আমাদের লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজকে আনন্দের সঙ্গে সংসদ ও জনগণকে জানাতে চাই যে, এখন জেনারেশন (বিদ্যুৎ উৎপাদন) ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। আর ডিমান্ড ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। ফলে বর্তমানে ৩৩৯ মেগাওয়াট লোডশেডিং হবে। তবে এই ৩৩৯ মেগাওয়াটকেও আমরা কমিয়ে আনার চেষ্টা করছি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, বর্তমানে কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে। তবে এটিও যাতে না থাকে সেজন্য আমরা সচেষ্ট আছি। রোববার অবস্থা খারাপ ছিল। তবে আজকে আল্লাহর রহমতে সেখান থেকে আমরা উত্তরণ করেছি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :