ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০১:১৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৩:৪২:০৪ অপরাহ্ন
ভয়াবহ ও বিধ্বংসী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলার প্রতি গভীর সংহতি প্রকাশ করে জরুরি মানবিক সহায়তার বার্তা পাঠিয়েছে লাতিন আমেরিকার একাধিক দেশ।

রাজনৈতিক মতপার্থক্য ভুলে বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের রাষ্ট্রপ্রধানরা দুর্গত মানুষের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি দেশটিতে প্রয়োজনীয় উদ্ধার ও ত্রাণ সহায়তা দেওয়ার জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন। বার্তা সংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, ভেনেজুয়েলার এই চরম বিপদে পাশে থাকবে ব্রাজিল। তিনি ইতোমধ্যে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কারাকাসে অবস্থিত ব্রাজিলিয়ান দূতাবাসকে ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশটিকে দ্রুত কী ধরনের জরুরি ও মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন, তার একটি সঠিক মূল্যায়ন করারও তাগিদ দিয়েছেন তিনি।

অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্সি থেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। দেশটির বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই দ্বিপাক্ষিক ও রাজনৈতিক ক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে তীব্র মতপার্থক্য থাকা সত্ত্বেও এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় মানবিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভেনেজুয়েলার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন।

বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি বলিভিয়ার জনগণের হৃদয় নিংড়ানো সমবেদনা রয়েছে। 

বলিভিয়া সরকার সার্বক্ষণিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং যেকোনো মুহূর্তে প্রয়োজনীয় যেকোনো লজিস্টিক ও মানবিক সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

উরুগুয়ের প্রেসিডেন্ট যমন্দু ওরসি ভেনেজুয়েলার সরকার ও সাধারণ জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় স্পষ্ট করে বলেন, দুর্যোগের এই কঠিন মুহূর্ত কাটিয়ে উঠতে ভেনেজুয়েলা সরকার উরুগুয়ের কাছ থেকে যে ধরনের বা যে স্তরের সহযোগিতা প্রয়োজন মনে করবে, উরুগুয়ে তা দিতে সর্বাত্মকভাবে প্রস্তুত।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :