মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০১:৩৫:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০১:৩৬:২৭ পূর্বাহ্ন
আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলে জিতিয়েছিলেন লিওনেল মেসি। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন আলবিসেলেস্তেদের নাম্বার টেন। তার গোলে ২-০ গোলে জিতে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

সোমবার (২২ জুন) ডালাসে ইউরোপের প্রতিনিধি অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৬ মিনিটে বক্সে ট্যাকলের শিকার হন লওতারো মার্টিনেজ। রেফারি ভিএআর চেক করে পেনাল্টি দেন। কিন্তু সর্বকালের অন্যতম সেরা ফুটবলার খ্যাত মেসি শট নিয়ে জালে রাখতে পারেননি।

ওই আক্ষেপ বেশিক্ষণ জিইয়ে রাখেননি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি। ম্যাচের ৩৮ মিনিটে ফাকুন্দে মেডিনার বল ধরে বক্সের ঠিক মাঝ থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠিয়ে দেন তিনি। ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। ওই গোলে মেসি বিশ্বকাপের সর্বাধিক ১৭ গোলের রেকর্ড গড়েন। ভাঙেন জার্মানির বিশ্বকাপ জয়ী সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ড।

ম্যাচ যখন মেসির একমাত্র গোলে শেষ হওয়ার অপেক্ষায় তখনই নিজের ও দলের দ্বিতীয় এবং চলতি বিশ্বকাপে নিজের পঞ্চম গোল করেন ইন্টার মায়ামি তারকা। সর্বাধিক গোলের রেকর্ড বাড়িয়ে ১৮ তে নেন আটটি ব্যালন ডি’অরসহ সর্বজয়ী এই ফুটবলার।

গ্রুপ পর্বে মেসিরা শেষ ম্যাচ খেলবে প্রথমবার বিশ্বকাপে পা রাখা এশিয়ার দল জর্ডানের বিপক্ষে। লিওনেল স্কালোনির শিষ্যরা বিশেষ করে মেসি যে ফর্মে আছেন, ওই ম্যাচে বড় জয় নিশ্চিত করে গ্রুপ সেরা হয়েই শেষ ৩২ এ পা রাখার পথ পরিষ্কার আকাশি-সাদা জার্সির দলটির।

বাংলা স্কুপ/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :