​এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারলো বাংলাদেশ

আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৬:২৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৮:০৮:৪৩ অপরাহ্ন
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ টি-টোয়েন্টি সংস্করণে ধরে রাখতে পারল না বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ খোয়ালো স্বাগতিকরা।

শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মিচেল মার্শ।

প্রথমে ফিল্ডিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। পাওয়ারপ্লেতে অজি ব্যাটারদের চেপে ধরে ৪৪ রানের মধ্যে টপ অর্ডারের ৩ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। সাজঘরে ফেরেন জশ ইংলিস, কুপার কনোলি এবং অধিনায়ক মিচেল মার্শ।

তবে শুরুর সেই ধাক্কা সামলে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ম্যাট রেনশ ও টিম ডেভিড। চতুর্থ উইকেটে এই দুজনের মারকুটে ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় সফরকারীদের হাতে। ম্যাট রেনশ শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫২ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৮৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে টিম ডেভিড খেলেন ২৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস।

শেষদিকে জোয়েল ডেভিসও ৮ বলে অপরাজিত ১৩ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল পুঁজি পায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বোলারদের মধ্যে ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করে সর্বোচ্চ ২ উইকেট নেন স্পেনার নাসুম আহমেদ। এছাড়া একটি করে উইকেট শিকার করেন নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও আবদুল গাফফার সাকলাইন।

১৯৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে দ্রুত রান তোলার চেষ্টা করেন দুই ওপেনার। তবে পাওয়ারপ্লের পরেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় চাপে পড়ে স্বাগতিকরা।

দলের পক্ষে সর্বোচ্চ লড়াকু ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটার সাইফ হাসান, তার ব্যাট থেকে আসে ৪২ রান। এছাড়া ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন ৩৬ এবং মাঝপথে তাওহীদ হৃদয় ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন। শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টা করলেও অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্য পার করা সম্ভব হয়নি।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। 

ম্যাচের ডেথ ওভারগুলোতে রান নিয়ন্ত্রণে রাখতে না পারা এবং শেষ মুহূর্তের রোমাঞ্চকর লড়াইয়ে মাত্র ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :