​ট্রাক উল্টে রেললাইন ব্লক, কুড়িগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০১:০৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০২:০৪:২৭ অপরাহ্ন
কুড়িগ্রামের রাজারহাটে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে কুড়িগ্রাম এক্সপ্রেসের ঢাকাগামী শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়লে রেলপথ সম্পূর্ণভাবে ব্লক হয়ে যায়। ফলে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি।

রেললাইন বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের বাস, অটোরিকশা ও সিএনজিযোগে তিস্তা রেলওয়ে স্টেশনে যেতে দেখা গেছে। এ পরিস্থিতিতে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে এবং দুর্ভোগের শিকার হয়েছেন অনেক যাত্রী।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কুড়িগ্রাম স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কুড়িগ্রাম এক্সপ্রেস। দুর্ঘটনার কারণে ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে আসতে পারেনি। দ্রুততম সময়ের মধ্যে লাইন থেকে ট্রাকটি অপসারণ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে দুর্ঘটনার কারণে যাত্রীদের ভোগান্তি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

ঢাকাগামী এক যাত্রী বলেন, যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম আসবে না। পরে বাধ্য হয়ে সিএনজিযোগে তিস্তা স্টেশনে রওনা দেই। আমার মতো শত শত যাত্রী চরম বিপাকে পড়েছেন।

কুড়িগ্রাম রেল স্টেশনের ইনচার্জ মোছা. কনিকা আক্তার জানান, যতক্ষণ পর্যন্ত বালুর এ ট্রাক সরানো হয়নি ততক্ষণ কুড়িগ্রামে ট্রেন প্রবেশ করতে পারছে না। ট্রাকটি সরানোর কাজ চলমান রয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :