রংপুরে রাস্তায় আলু ছড়িয়ে কৃষকদের বিক্ষোভ

মহাসড়কে আলুর বৃষ্টি!

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৩:৩০:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৪:২১:৪৫ অপরাহ্ন
কোল্ডস্টোরেজের ভাড়া বৃদ্ধি প্রত্যাহার ও আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে সড়কে আলু ফেলে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা।

সোমবার (১৭ জুন) দুপুরে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা আন্দোলনে রংপুরের বিভিন্ন উপজেলা থেকে আসা সহস্রাধিক আলু চাষি ও ব্যবসায়ী অংশ নেন।

জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কোল্ডস্টোরেজ মালিকদের বিরুদ্ধে মনগড়া ভাড়া বৃদ্ধির অভিযোগ তোলেন। এ সময় তারা সড়কে আলু ফেলে প্রতীকী প্রতিবাদ জানান এবং সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।

বিক্ষোভকারীরা বলেন, গত বছর আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় উত্তরাঞ্চলের হাজারো কৃষক ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। লোকসানের সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই চলতি মৌসুমে বাজারে আলুর দামও আশানুরূপ না হওয়ায় কৃষকরা নতুন সংকটে পড়েছেন। বর্তমানে বাজারে আলুর পাইকারি দাম প্রতি কেজি ১১ থেকে ১৩ টাকা হলেও উৎপাদন খরচ পড়েছে ১৬ থেকে ১৮ টাকা। এর মধ্যে কোল্ডস্টোরেজ ভাড়া প্রতি কেজিতে ২ টাকা বাড়িয়ে ৭ টাকা ২৫ পয়সা নির্ধারণ করায় উদ্বেগ আরও বেড়েছে।

পীরগাছা উপজেলার নব্বীগঞ্জ এলাকার আলু চাষি রাসেল আহমেদ বলেন, “বাজারে কম দামের কারণে বাধ্য হয়ে এবারও আলু কোল্ডস্টোরেজে সংরক্ষণ করেছেন। গত বছর ৬০ কেজির একটি বস্তার ভাড়া ছিল ৩০০ টাকা, যা এবার বাড়িয়ে ৪৩৫ টাকা করা হয়েছে।” তার অভিযোগ, আলুর দাম কম থাকলেও কোল্ডস্টোরেজ মালিকরা প্রতিবছর মনগড়া ভাড়া বাড়িয়ে কৃষকদের লোকসানের মুখে ঠেলে দিচ্ছেন।

জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈবুর রহমান বলেন, “কৃষি দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হলেও কৃষকের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। উৎপাদন খরচের তুলনায় বাজারমূল্য কম এবং সংরক্ষণ ব্যয় বেড়ে যাওয়ায় আলু চাষ উত্তরাঞ্চলের কৃষকদের জন্য ক্রমেই অলাভজনক হয়ে উঠছে।”

তিনি অবিলম্বে কোল্ডস্টোরেজ ভাড়া কমানো, আলুর ন্যায্যমূল্য নির্ধারণ এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানান। 

দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, কর্মসূচির কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :