চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০২:৩৮:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০২:৩৮:৫৮ অপরাহ্ন
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন।

বুধবার (১৭ জুন) সকাল ৯টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ এলাকায় পৌঁছে তিনি প্রথমে প্রাচীন গৌড়ের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং ঐতিহাসিক সোনামসজিদ পরিদর্শন করেন।

এরপর রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

তহাখানা মসজিদ, হযরত শাহ নেয়ামতুল্লাহ (রহ.)-এর মাজারসহ প্রাচীন গৌড়ের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন পরিদর্শনের সময় রাষ্ট্রদূতকে বেশ আগ্রহী ও আনন্দিত দেখা যায়। তিনি নিজেই বিভিন্ন স্থাপনার ছবি ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তাকে স্থাপনাগুলোর গুরুত্ব ও ঐতিহাসিক পটভূমি সম্পর্কে জানানো হয়।

মার্কিন রাষ্ট্রদূতের সফরে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, রাষ্ট্রদূতের এ সফর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে আন্তর্জাতিক অঙ্গনে আরও তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে।

পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে তিনি সোনামসজিদ স্থলবন্দর থেকে সড়কপথে পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা হন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :