মালয়েশিয়া থেকেই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১১:২৬:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১১:৩৬:৫৪ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের বিদেশ সফর শুরু হচ্ছে মালয়েশিয়া দিয়ে। মালয়েশিয়া সফর শেষ করে সেখান থেকেই সরাসরি চীন সফরে যাবেন তিনি। ২২ জুন রাতে মালয়েশিয়া থেকে চীনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্র জানায়, সফরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিবসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সফরসঙ্গী হিসেবে থাকবেন।

চীনে ২৩ জুন প্রধানমন্ত্রী দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সে অংশ নেবেন। সেখান থেকে ২৪ জুন বিকেলে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন। ঢাকা-বেইজিং কূটনৈতিক সূত্রের দাবি, প্রধানমন্ত্রী দালিয়ান থেকে বুলেট ট্রেনে তার সফরসঙ্গীদের নিয়ে বেইজিং যাবেন।

ওই সূত্র নিশ্চিত করেছে, ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে কোনো অ্যাগ্রিমেন্ট সই না হলেও ১৫টিরও বেশি এমওইউ সই হতে পারে। ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে একই দিন ঢাকায় ফিরবেন সরকারপ্রধান।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ভিভিআইপি বিদেশ সফরের দ্বিতীয় অংশ, যা বিএনপি সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বৈদেশিক নীতির স্পষ্ট প্রতিফলন।

এদিকে, আগামী ২১ জুন দুপুরে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকা থেকে মালয়েশিয়ায় তার প্রথম দ্বিপক্ষীয় সফরে যাবেন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন সরকারপ্রধান। একই দিন বিকেলে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ান প্রদেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :