বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০২:৪৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০২:৪৪:৩১ অপরাহ্ন
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সাইকেল র‍্যালিতে অংশ নিয়ে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউয়ে র‍্যালির আগে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন এবারের বাজেটে নেই; বরং এটি পুরোনো ধারার বাজেট। তার দাবি, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে এবং ঋণখেলাপিদের জন্য সুবিধা দেওয়া হয়েছে।

সেলিম উদ্দিন বলেন, এ বাজেট তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে না। শিক্ষা খাতে বরাদ্দের হিসাব নিয়েও প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশাসনিক ব্যয় শিক্ষা বাজেটের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ব্যয় বাদ দিলে প্রকৃত শিক্ষা খাতে বরাদ্দ দেশের জিডিপির দেড় শতাংশেরও নিচে নেমে আসবে বলে দাবি করেন তিনি।

তরুণদের উদ্দেশে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। একই সঙ্গে একটি সুস্থ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করছে বলেও উল্লেখ করেন।

রক্তদাতাদের প্রশংসা করে সেলিম উদ্দিন বলেন, “এক ব্যাগ রক্ত একটি মানুষের জীবন বাঁচাতে পারে। রক্তদান শুধু মানবসেবা নয়, এটি একটি ইবাদতও।” তিনি দেশের হাসপাতালগুলোতে আধুনিক পদ্ধতিতে রক্ত সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগ তুলে ডিজিটাল ব্লাড ডোনার নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান।

পরে মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে সাইকেল র‍্যালিটি ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল ও মধুবাগ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। আয়োজকদের দাবি, র‍্যালিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

লাইফ সাইকেল বিডির পরিচালক তৌহিদুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, হেমায়েত হোসেন এবং লাইফ সাইকেলের সহকারী পরিচালক আব্দুল মোতালেব উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
    

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :