​মারা গেছেন তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০১:২৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০১:২৫:০৪ অপরাহ্ন
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি ও প্রখ্যাত তামিল পরিচালক ভারতীরাজা আর নেই। ৮৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন সিনেমা জগতের এই গুণী ব্যক্তিত্ব।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১০ জুন) ভারতের চেন্নাইয়ে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ভারতীরাজা। তাঁর মৃত্যুতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ২০২৫ সালের মার্চে তার ছেলে, অভিনেতা ও পরিচালক মনোজ ভারতীরাজার আকস্মিক মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করে। এরপর থেকেই তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে এবং একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়।

১৯৪১ সালের ১৭ জুলাই তামিলনাড়ুর থেনি জেলার অল্লিনাগারামে জন্মগ্রহণ করেন ভারতীরাজা। তার আসল নাম ছিল চিন্নাসামি পেরিয়ামায়া থেভার। ১৯৭৭ সালে ‘১৬ ভায়াথিনিলে’ সিনেমার মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

এই সিনেমার মাধ্যমেই তামিল চলচ্চিত্রের ভাষা ও গল্প বলার ধরণে পরিবর্তন আসে। শহরকেন্দ্রিক গল্পের বাইরে গিয়ে তিনি গ্রামীণ জীবন, সাধারণ মানুষের সুখ-দুঃখ, প্রেম, সংগ্রাম ও বাস্তবতাকে বড় পর্দায় তুলে এনে নতুন ধারার সূচনা করেন।

ভারতীরাজার হাত ধরেই তামিল সিনেমায় বহু অভিনেতা ও অভিনেত্রীর উত্থান ঘটে। তার ছবিগুলোতে গ্রামীণ আবহ, মানবিক সম্পর্ক ও আবেগঘন গল্প দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করেন। ২০০৪ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ প্রদান করে। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে ‘ইয়াক্কুনার ইমায়াম’ বা ‘পরিচালকদের শিখর’ উপাধিতেও ভূষিত করা হয়।

শুধু পরিচালক হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও দর্শকদের মুগ্ধ করেছেন ভারতীরাজা। সম্প্রতি ‘থিরুচিটরাম্বালাম’, ‘মহারাজা’সহ বেশ কয়েকটি সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকমহলে প্রশংসিত হয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :