​ভূ-রাজনীতিতে হরমুজই ইরানের সবচেয়ে বড় পারমাণবিক বোমা

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৮:২২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৮:২৪:৪২ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণকে পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করেছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ। ইরানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালিই ইরানের পারমাণবিক বোমা।

রোববার (৭ জুন) উইয়ন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফেব্রুয়ারি ২৮ তারিখ থেকে শুরু হওয়া সাম্প্রতিক যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের তীব্র সমালোচনা করেন নিকজাদ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্যেই বিশ্বাসযোগ্যতা নেই। অন্যদিকে যুদ্ধের ব্যাপারে ইরানের একটি সুদৃঢ় আদর্শিক অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ডেপুটি স্পিকার আরও জানান, হরমুজ প্রণালি আর আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে না। এ বিষয়ে ইরানের পার্লামেন্টে শিগগিরই একটি আইন পাস করা হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমার কাছে হরমুজ প্রণালি একটি পারমাণবিক বোমার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সরাসরি বললে, আমাদের পারমাণবিক বোমাই হলো এই হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজার পারমাণবিক বোমা থাকতে পারে, কিন্তু আমাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও আমরা কখনো তা ব্যবহার করব না।

বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে। দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও কোনো সমাধান না হওয়ায় অচলাবস্থা বজায় আছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :