​বিদ্যুতের বাড়তি দাম থেকে রেহাই পেতে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০২:০১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০২:০২:৫৫ অপরাহ্ন
দাম বৃদ্ধির ঘোষণার একদিন পরই লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য পুরোনো দাম বহালের আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। আবেদন মঞ্জুর হলে এই ধাপের গ্রাহকদের জন্য বাড়তি দাম থাকবে না। আগের দামেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন তাঁরা। এতে করে নিম্ন আয়ের মানুষ বাড়তি দাম থেকে রেহাই পাবেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে এ-সংক্রান্ত রিভিউ আবেদন জমা দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বাংলাস্কুপকে বলেন, বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে আবেদনটি দ্রুত পর্যালোচনা করা হবে।

তিনি জানান, যেহেতু প্রস্তাবটি গ্রাহকদের স্বার্থসংশ্লিষ্ট এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় রয়েছে, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না। কমিশন দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

জানা গেছে, বৃহস্পতিবারই এ বিষয়ে ঘোষণা দিতে পারে বিইআরসি।

এর আগে বুধবার (৩ জুন) বিইআরসি নতুন বিদ্যুতের মূল্যহার ঘোষণা করে। নতুন ঘোষণায় আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। একই সঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিটের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়।

ঘোষিত মূল্যহার অনুযায়ী, নতুন দাম ১ জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে পিডিবির রিভিউ আবেদনের ফলে লাইফলাইন ও নিম্ন ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য মূল্যহার পুনর্বিবেচনার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :