​বাগেরহাট

মাজারের দীঘিতে কুমির টেনে নেওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১২:৩৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১২:৩৩:০২ অপরাহ্ন
বাগেরহাটের খান জাহান আলী (রহ) এর মাজার সংলগ্ন দীঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে মহিলা ঘাটের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে সোমবার (১ জুন) রাত সাড়ে ৮ টার দিকে খানজাহান আলীর (রহ) মাজার সংলগ্ন দীঘির পূর্ব পাশে নারীদের ঘাটে গোসল করতে নামলে শিশু ফাতেমা আক্তারকে (৭) মাজারে থাকা একমাত্র কুমিরটি টেনে নিয়ে যায়। এ সময় চারদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। স্থানীয়রা মাজারের মধ্যে নৌকা নামিয়ে শুরু করে উদ্ধার অভিযান। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন অংশ নেয় উদ্ধার অভিযানে।
 
কুমিরে টেনে নিয়ে যাওয়া ফাতেমা আক্তার মাজারে ভবঘুরে হিসেবে থাকা এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। এর বেশি পরিচয় জানাতে পারেনি মাজার সংশ্লিষ্টরা ও পুলিশ প্রশাসন।

প্রতক্ষদর্শীরা জানান, রাতে ওই ঘাটে অনেক লোকজন ছিল। মেয়েটি গোসলে নামলে তাকে কুমিরে টেনে নিয়ে যায়। মেয়েটি ও ঘাটে থাকা লোকজন চিৎকার-চেঁচামেচি করলেও, সাহস করে কেউ এগিয়ে আসেনি।

ঘাটের পাশে থাকা দোকানি বিনা বলেন, মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের কয়েক জায়গায় কুমিরের কামড়ের দাগ রয়েছে।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ  মহিলা ঘাটে রাখা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে মরদেহ দাফন ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন,‘আমরা জানতে পেয়েছি মারা যাওয়া শিশুটির মা ভবঘুরে ও মানসিক প্রতিবন্ধী। তাই শিশুটির দাফনসহ যাবতীয় খরচ সরকার বহন করবে।’

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :