পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোর ও খুলনার সীমান্ত এলাকায় চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ঈদে বিপুল পরিমাণ পশু কোরবানির কারণে চামড়া পাচারের আশঙ্কা থাকে। তাই সীমান্ত দিয়ে কোনোভাবেই চামড়া পাচার হতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
তিনি বলেন, বিশেষ করে রাতের টহল জোরদার করা হয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে স্থানীয়দের সচেতন করা হচ্ছে। একই সঙ্গে পুশইন, মাদক ও অন্যান্য চোরাচালান ঠেকাতেও সার্বক্ষণিক নজরদারি চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী যশোরের কয়েকটি সীমান্ত এলাকাকে চামড়া পাচারের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে শার্শার কাশিপুর, শালকোনা, শিকারপুর, ধান্যখোলা, রঘুনাথপুর, পুটখালি, দৌলতপুর, সাদিপুর, গোগা ও দাদখালিসহ বিভিন্ন এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
বিজিবির পাশাপাশি সীমান্ত এলাকায় পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে