​যুদ্ধবিরতি ভেঙে ফের যুদ্ধের সাইরেন বাজাল ইরান-আমেরিকা!

আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১১:৩৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১১:৩৩:৫৬ অপরাহ্ন
ফের ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত শুরু হয়েছে। বুধবার (২৭ মে) রাতে মার্কিন হামলার পর এবার কড়া জবাব দিয়েছে ইরান। ফলে অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেস্তে যাওয়ার মুখে পড়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ভোরে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আইআরজিসি বন্দর আব্বাস বন্দরের কাছে মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালায়। তবে কোন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তাও দিয়েছে। তাদের দাবি, ভবিষ্যতে এ ধরনের মার্কিন হামলা অব্যাহত থাকলে ইরান আরও কঠোর ও প্রাণঘাতী জবাব দেবে। এ পরিস্থিতির সম্পূর্ণ দায় প্রথম হামলাকারীকেই নিতে হবে বলেও জানানো হয়েছে।

এর আগে বুধবার গভীর রাতে, স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে বন্দর আব্বাস এলাকার পূর্বদিকে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, মার্কিন বাহিনী আবারও ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। বিস্ফোরণের পরপরই ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং কয়েক মিনিট ধরে আকাশে গোলাবর্ষণ চালানো হয়।

যুক্তরাষ্ট্রের দাবি, আত্মরক্ষার্থেই এ হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক ও বাণিজ্যিক চলাচলের ওপর হুমকি তৈরি হয়েছিল বলে দাবি ওয়াশিংটনের। সে কারণেই তারা এ পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়।

তবে এ হামলার পরপরই পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। শেষ পর্যন্ত সেই হুঁশিয়ারিই বাস্তবে রূপ দিয়েছে আইআরজিসি। যদিও ইরানের এ হামলায় মার্কিন বাহিনীর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

এ ঘটনার পর বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বেড়েছে তেলের দামও।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ভেঙে যদি দুই দেশ আবার যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে মধ্যপ্রাচ্যকে ঘিরে পুরো বিশ্ব উত্তাল হয়ে উঠতে পারে।

তাদের মতে, প্রথম দফায় তেল সংকটের প্রভাব পড়েছিল পুরো বিশ্বজুড়ে। সেই রেশ এখনো কাটেনি। নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি আরও তীব্র হতে পারে এবং ছোট ছোট রাষ্ট্রগুলো চরম সংকটে পড়তে পারে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :