​রামিসা হত্যাকাণ্ড: দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৪:৫০:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৫:২৩:৫১ অপরাহ্ন
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রো-অ্যাকটিভভাবে কাজ করছে। সরকার গঠনের পর সংঘটিত এ ধরনের অপরাধের প্রতিটি ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং আসামিদের গ্রেপ্তার করেছে।’

তিনি জানান, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। 

‘খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে এবং বিচারিক প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে,’ বলেন তিনি।

বিচারহীনতার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবসময় বিচারহীনতার কথা বলা সঠিক নয়। অনেক সময় বিচারিক প্রক্রিয়ায় বিলম্ব হয়, যা আদালতের বিষয়। তনু হত্যাসহ বিভিন্ন আলোচিত মামলায়ও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে অনেক কিছুই করার বাকি রয়েছে। সরকারের সময় মাত্র তিন মাস হওয়ায় কিছু সিদ্ধান্ত নিতে সময় লাগছে। আইন সংস্কারের কাজও চলমান রয়েছে।’

দ্রুত বিচার নিয়ে সতর্ক অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। বলেন, ‘খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে যেন কোনো অবিচার না হয়, সেটিও দেখতে হবে। জনগণের ক্ষোভ মেটাতে তাৎক্ষণিকভাবে আইন প্রণয়ন সবসময় ভালো ফল দেয় না।’

এর আগে সকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রামিসা হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘মাগুরার আছিয়া, ঢাকার রামিসা- এসব ঘটনা আমাদের মানুষত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড থাকতে পারে না।’

তিনি জানান, পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আইনমন্ত্রী বলেন, ‘বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারলে রামিসার বাবার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে। তবে বিচারিক কার্যক্রম পরিচালনা ও রায় কার্যকর করা সম্পূর্ণ আদালতের বিষয়।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :