​ভুয়া আর্থিক প্রতিবেদনে দুর্বল কোম্পানির প্রবেশ, উদ্বেগ অর্থমন্ত্রীর

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৭:১০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৭:১০:১৭ অপরাহ্ন
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মিথ্যা আর্থিক প্রতিবেদন ও ভুল তথ্য উপস্থাপনের সুযোগ নিয়ে অনেক দুর্বল কোম্পানি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা ও তদারকি ব্যবস্থার দুর্বলতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এ কারণে ভালো ও মৌলিক প্রতিষ্ঠানগুলোও এখন বাজারে আসতে আগ্রহ হারাচ্ছে।

বুধবার (২০ মে) রাজধানীর একটি হোটেলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল আয়োজিত ‘এফএআর সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। 

অনুষ্ঠানে সহযোগিতা করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল, ‘বিশ্বস্ত আর্থিক প্রতিবেদন: আসল গুরুত্ব কোথায়’।

অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে দেশের অর্থনীতি নানা অস্থিরতার মধ্য দিয়ে গেছে। নিয়ন্ত্রণকারী সংস্থা ও নজরদারি প্রতিষ্ঠানগুলো প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। এর ফলেই আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরি হয় এবং দুর্বল কোম্পানিগুলো ভুয়া রিপোর্টিংয়ের মাধ্যমে বাজারে জায়গা করে নেয়।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা যখন অডিট প্রতিবেদনের ওপর আস্থা হারিয়ে ফেলে, তখন পুরো পুঁজিবাজারের ভিত্তিই দুর্বল হয়ে যায়। এর প্রভাব পড়ে ভালো কোম্পানিগুলোর ওপরও, যারা পরে আর তালিকাভুক্ত হতে চায় না।

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হিসাববিদদের নিজেদের ভেতর থেকেই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, কোনো নিয়ন্ত্রক সংস্থার পক্ষে প্রতিদিন সব প্রতিষ্ঠানের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তাই পেশাজীবীদেরই সততা বজায় রেখে সঠিক আর্থিক তথ্য তুলে ধরতে হবে।

বিদেশি বিনিয়োগের বিষয়ে তিনি জানান, বিশ্বের বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠান এখন বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপিমরগ্যান চেজ-সহ বিভিন্ন আন্তর্জাতিক বিনিয়োগকারী বাংলাদেশে আসতে আগ্রহী। সরকার হংকং ও লন্ডনে বাংলাদেশভিত্তিক বিশেষ তহবিল চালুর পরিকল্পনাও করছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বন্ড বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে অর্থমন্ত্রী সতর্ক করে বলেন, নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন ছাড়া বড় ধরনের বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয়। তার ভাষায়, বিনিয়োগকারীরা যদি অডিট প্রতিবেদনের ওপর আস্থা না পায়, তাহলে কোনো সংস্কারই কার্যকর হবে না।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :