নেত্রকোনায় ১৬ মাসে অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষতি সোয়া ৫ কোটি টাকা

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৩:৫৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৩:৫৪:৫৪ অপরাহ্ন
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” স্লোগানে নেত্রকোনায় পালিত হয়েছে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬। জেলায় গত ১৬ মাসে সংঘটিত অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে প্রায় ২৪ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার সম্পদ।

বুধবার (২০ মে) সকালে শহরের অজহর রোডে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় এসব তথ্য জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খানের পরিচালনায় এবং স্টেশন লিডার মোফাজ্জল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন। তারা মহড়ার উদ্বোধন করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জেলায় গত ১৬ মাসে মোট ৪৪৪টি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আনুমানিক ৫ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিপরীতে উদ্ধার করা হয়েছে ২৪ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার সম্পদ। এ ছাড়া একই সময়ে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের মোট ৮১টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন এবং আহত হয়েছেন ২৯ জন।

এর মধ্যে ২০২৫ সালে জেলায় মোট ৩০৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৩ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার টাকা। ওই বছর উদ্ধার করা হয় ১৪ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ। একই সময়ে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ঘটনায় ৫৬টি দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ১৯ জন এবং আহত হন ২৪ জন।

অন্যদিকে, চলতি বছরের (২০২৬) এপ্রিল পর্যন্ত জেলায় ১৩৯টি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আনুমানিক ১ কোটি ৮৬ লাখ ১১ হাজার টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ কোটি ১২ লাখ ৯৫ হাজার টাকার সম্পদ।

এ সময় সড়ক দুর্ঘটনাসহ অন্যান্য ২৫টি দুর্ঘটনায় তিনজন নিহত হন। আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :