ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, উচ্ছ্বসিত নাবিলা

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০২:৩০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০২:৩০:৫৮ অপরাহ্ন
সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’ এবারের ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার রহস্যময়ী নারীর চরিত্র নিয়ে নির্মিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও মাসুমা রহমান নাবিলা। শুক্রবার (১৫ মে) সামাজিক মাধ্যমে সিনেমাটির বিশেষ পোস্টার শেয়ার করেছেন নাবিলা।

২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও দেশের তৎকালীন পরিস্থিতির কারণে তা কয়েকবার পিছিয়ে যায়।

তবে সিনেমাটি ঘিরে আইনি জটিলতা কাটছিল না। মুক্তির ঘোষণার পরপরই নতুন সমস্যা তৈরি হয়েছে। জানা গেছে, সিনেমার সহপ্রযোজক তরুণ মজুমদার আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন।

অভিনেত্রী নাবিলা ক্যারিয়ারের শুরুতে ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। দীর্ঘ বিরতি শেষে তিনি আবার পর্দায় ফিরছেন। আইনি পদক্ষেপের কারণে শঙ্কা থাকলেও নাবিলা বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। তিনি বলেন, ‘ঈদে দ্বিতীয়বার আমার সিনেমা মুক্তি পাচ্ছে, এটা সত্যি আনন্দের। তবে উচ্ছ্বাসের সঙ্গে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছি, তাই কিছুটা নার্ভাসও ফিল করছি।’

তিনি আরও বলেন, ‘সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয়। আমি যতদূর জানি সমস্যা সমাধান হওয়ার পরই ঘোষণা এবং পোস্টার অবমুক্ত করা হয়েছে। আশা করছি, সঠিক সময়ে পর্দায় আসবে সিনেমাটি।’ নাবিলার মতে, দর্শকরা এখন বিভিন্ন ঘরানার সিনেমা দেখেন, এবার সেই ধারাবাহিকতা থাকবে।

সিনেমাটিতে খায়রুল বাসার ও নাবিলা ছাড়াও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ অনেকে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :