​ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০১:৫৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০১:৫৮:০৬ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক শেহরিন আমিন মোনামী। 

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে শেহরিন আমিন মোনামী লিখেছেন, আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।

ফেসবুক পোস্টে তিনি তার প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা তার ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ যখন তাকে এ পদের জন্য প্রস্তাব দেন, তখন দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি তা গ্রহণ করেছিলেন।

বিদায়ী সহকারী প্রক্টর তার পোস্টে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে লেখেন, বিগত সময়ে আমি প্রক্টর স্যারের কাছ থেকে শিখেছি কীভাবে চরম ধৈর্য ধরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হয় এবং আত্মসম্মান বজায় রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি শিক্ষার্থীদের যেভাবে ক্ষমা ও মমতায় আগলে রেখেছিলেন, আমরাও তার টিমের সদস্য হিসেবে সেই চেষ্টা করেছি।

জুলাই অভ্যুত্থান-পরবর্তী বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করে মোনামী আরও লেখেন, জুলাই ও জুলাই-পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সম্ভবত আর কোনো প্রক্টরিয়াল টিমকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। এ টিমের অংশ হিসেবে কাজ করা আমার জন্য ছিল পরম সম্মানের।

পোস্টের শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ও তার টিমকে অভিনন্দন জানিয়ে সাফল্য কামনা করেন। মোনামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান (ক্রিমিনোলজি) বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :