​৬ বছরের শিশুকে ধর্ষণ: সৎ মামার যাবজ্জীবন

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৭:৪৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৭:৪৮:৫৩ অপরাহ্ন
তিন বছর আগে ঢাকার মাতুয়াইলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে তার সৎ মামাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বুধবার (২৯ এপ্রিল) এ রায় দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানান, আসামি সোহান আলম তপুকে যাবজ্জীবন সাজার পাশাপাশি তিন লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামি অর্থদণ্ডের টাকা দিতে ব্যর্থ হলে তার স্থাবর/অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ আদায় এবং তা ভিকটিমকে দিতে ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণারর আগে তপুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান পঙ্কজ পিটার গোমেজ।

মামলার বিবরণে জানা যায়, তপুর মা কদমতলী থানার মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে আয়ার কাজ করতেন। সেই পরিচয়ের সূত্র ধরে ঘটনার চার দিন আগে শিশুটির মা তার ছোট ভাইয়ের নিউমোনিয়ার চিকিৎসা করাতে ওই হাসপাতালে যান। তপু সম্পর্কে শিশুটির সৎ মামা।

২০২৩ সালের ৮ মে রাত ৮টার দিকে তপুর মা ওই মেয়েটিকে নিয়ে বাসায় যান। রাত ২টার দিকে আবার তাকে হাসপাতালে দিয়ে যান। পরদিন শিশুটি তার মাকে জানায়, সে চোখে ব্যথা পেয়েছে। পরে সে মাকে জানায়, তপু খাবার কিনে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটির মায়ের চাচাতো ভাই ১০ মে কদমতলী থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ২৬ মে তপুর বিরুদ্ধে অভিযোগপত্র দেন কদমতলী থানার এসআই মহসীন চৌধুরী।

২০২৪ সালের ৯ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ৯ জনের সাক্ষ্য শোনে আদালত।

এরপর আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসামি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। তারপক্ষে চারজন সাফাই সাক্ষ্য দেন।

মামলার যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক বুধবার আসামিকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :