বাড়ছে বৃষ্টি ও নদীর পানি: ৬ জেলায় বন্যার শঙ্কা

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০১:৩৮:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৪:০৮:৪৪ অপরাহ্ন
দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর অববাহিকায় বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।  বুধবার (২৯ এপ্রিল) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক দিনে এ প্রবণতা আরও বাড়তে পারে, ফলে কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, নেত্রকোনা জেলার ধলাই-কংস নদী জারিয়াজঞ্জাইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে, সারি নদী নেত্রকোনা পয়েন্টে এবং মৌলভীবাজার জেলার মনু নদী মৌলভীবাজার পয়েন্টে প্রবাহিত হয়ে প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে এবং এসব নদী প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আন্তর্জাতিক আবহাওয়ার পূর্বাভাসেও বাংলাদেশসহ আশপাশের অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে ।

এ পরিস্থিতিতে আগামী তিন দিনে কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং সুরমা নদীর পানিও দ্রুত বাড়তে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সময়ে নেত্রকোনা জেলার ধলাই-কংস নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়া কিশোরগঞ্জ জেলার ধনু-বাউলাই নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে, যা স্থানীয়ভাবে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি বাড়াবে।

অন্যদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি সমতলও আগামী কয়েক দিনে বাড়তে পারে। বিশেষ করে খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমি বিপদসীমা অতিক্রম করলে এসব জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় স্বল্প সময়ের মধ্যে পানি দ্রুত বৃদ্ধি পেলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। বিশেষ করে নিম্নাঞ্চল ও হাওর এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :