গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০২:৫২:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৪:২৯:০৩ অপরাহ্ন
কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রিজওয়ান রশীদ। সেখানে তিনি নিজের তৈরি গো-কার্টটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

এ সময় আগ্রহভরে নতুন এই যানটি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে রিজওয়ান রশীদকে উৎসাহ দিতে তিনি নিজেই গো-কার্টটি (রেসিং কার) চালিয়ে দেখেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী 'গো-কার্টটি' চালিয়ে দেখায় অভিভূত হয়ে তরুণ রিজওয়ান রশীদ বলেন, 'তার বানানো গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন তা তিনি ভাবতেই পারেননি, এটি তাকে অনুপ্রাণিত করেছে।'

রিজওয়ান রশীদ জানান, তিনি গো-কার্টটি রাজধানীর মোহাম্মদপুর থেকে চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গো-কার্ট তৈরির বিষয়টি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে এ বিষয়ে খোঁজ-খবর নিতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে গো-কার্ট তৈরির গল্প শোনান রিজওয়ান রশীদ। 

তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। বাবার অনুপ্রেরণাতেই এই কাজ শুরু করেন তিনি।

রিজওয়ান রশিদ ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময় কাজে লাগাতে কিছু করার পরিকল্পনা করেন। পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল কিনে দিলেও তার আগ্রহ ছিল গাড়িতে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা থাকায় তিনি নিজেই গো-কার্ট তৈরি করেন।

এদিকে, গো-কার্ট চালানোর অভিজ্ঞতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণটির ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :