​অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০১:২৩:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০১:২৩:১৮ অপরাহ্ন
অপতথ্য প্রতিরোধে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার (ইউনেস্কো) সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ। এসময় তথ্যমন্ত্রী এ সহযোগিতা কামনা করেন।

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর রোডম্যাপ প্রণয়নে ইউনেস্কোর সহযোগিতা চেয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম খাতের বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে একটি সুসংগঠিত রোডম্যাপ প্রণয়ন জরুরি।’

এসময় ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, গণমাধ্যম উন্নয়ন, সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন এবং ভুলতথ্য ও অপতথ্য প্রতিরোধে ইউনেস্কো সক্রিয়ভাবে কাজ করছে।

ড. সুসান ভাইজ বলেন, বর্তমান সময়ে অপপ্রচারের বিস্তার রোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে সংস্থাটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।

তথ্যমন্ত্রী অপতথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং এক্ষেত্রে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন। জবাবে ইউনেস্কোর প্রতিনিধি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :