​আরও ১৯ জেলায় শুরু হলো ফুয়েল পাস নিবন্ধন

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০২:২৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০২:২৪:১৬ অপরাহ্ন
জ্বালানি খাতে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে দেশজুড়ে ফুয়েল পাস সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রমের আওতায় নতুন করে আরও ১৯টি জেলায় নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, আজ থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে।

পর্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে বলেও জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এর আগে, গত ১৮ এপ্রিল মন্ত্রণালয় জানিয়েছিল, ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো ও ময়মনসিংহ জেলাগুলোতে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাস বিডি সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে।

দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে গত ৯ এপ্রিল কিউআর কোড ভিত্তিক ‘ফুয়েল পাস’ নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। প্রথম পর্যায়ে ঢাকার ৭টি পাম্পে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস বিডি অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল চালকদের তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৮টি পাম্পে এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়।

অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে পাইলটিং করা হচ্ছে। সফল পাইলটিংয়ের পর পর্যায়ক্রমে ‘ফুয়েল পাস’ অ্যাপটি সারা দেশের সব যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :