​মোহাম্মদপুরে ‘এলেক্স’ ইমন হত্যা: ছয় আসামি ৪ দিনের রিমান্ডে

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৫:১৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৮:৫৪:২২ অপরাহ্ন
ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে ‘এলেক্স’ ইমনকে কুপিয়ে হত্যা মামলায় ছয়জনকে চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান জানান, রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ুশ, তুহিন বিশ্বাস, রাব্বি কাজী, সুমন ওরফে পাখির পোলা সুমন, রানা ও রাসেল ওরফে পিচ্চি রাসেল।

গত রোববার (১২ এপ্রিল) বিকালে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে প্রতিপক্ষের কয়েকজন মিলে ইমনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন ইমনের মা ফেরদৌসী মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ ওই ছয়জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৪ এপ্রিল) তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সাধন কুমার মন্ডল। সেদিন আদালত তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করে।

বৃহস্পতিবার শুনানির সময় আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে আসামিদের পক্ষে আইনজীবী শফিকুল ইসলাম শফিকসহ কয়েকজন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান।

শুনানি শেষে আদালত ছয় আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১২ এপ্রিল দুপুর দেড়টার দিকে এলেক্স ইমনকে তার শ্বশুর বাসায় রাখা মাছ নিয়ে আসতে বলেন। বাসা থেকে বের হয়ে আড্ডা শেষে বিকাল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করা হলে রক্তক্ষরণে জ্ঞান হারান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :