​সংবিধান সংশোধনে ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাব আনা হবে: চিফ হুইপ

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৮:২৩:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৮:২৩:৫৮ অপরাহ্ন
সংবিধান সংশোধনের বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিদ্যমান মতপার্থক্য দূর করে শিগগিরই ঐকমত্যের ভিত্তিতে একটি সম্মিলিত প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 

বুধবার (১৫ এপ্রিল) সংসদ অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং দেশের গঠনমূলক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে সংসদে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি আরও বলেন, দেশপ্রেমের জায়গা থেকে সরকার ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছাবে, যা এখন সময়ের ব্যাপার মাত্র।

এ সময় তিনি দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন। চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ হওয়ার সংবাদ গণমাধ্যমে গুরুত্ব পেলেও একই সঙ্গে দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করার ইতিবাচক দিকটি যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে মন্তব্য করেন। গণমাধ্যমকে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের সংবাদ সমান গুরুত্ব দিয়ে প্রচারের আহ্বান জানান তিনি।

কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন জরুরি। মধ্যপ্রাচ্যের জন্য আরবি, চীনের জন্য মান্দারিন, ইতালির জন্য ইতালিয়ান, কোরিয়ার জন্য কোরিয়ান এবং জাপানের জন্য জাপানি ভাষা শেখার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বৈশ্বিক যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি জানান, এ বিষয়ে একটি সমন্বিত নির্দেশিকা প্রণয়নে শিক্ষামন্ত্রী কাজ করছেন, যা শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :