সাইকেল চালিয়ে গ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাল স্কুলছাত্রীরা

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৩:৪২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৩:৪৪:৫৯ অপরাহ্ন
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষকে বরণ করে নিতে নড়াইলে ব্যতিক্রমী এক উৎসবের আমেজ দেখা গেছে। গতানুগতিক অনুষ্ঠানের বাইরে গিয়ে বাইসাইকেল চালিয়ে গ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে স্কুলছাত্রীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা এই বর্ণাঢ্য বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করে। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি নড়াইল ইউনিটের কর্মকর্তা প্রদীপ কুমার সরকার।

গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল জানান, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পরিবেশবান্ধব যানের ব্যবহার উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।

উপস্থিত অতিথিরা বলেন, নারীদের অগ্রযাত্রায় বাইসাইকেল একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। নববর্ষের সকালে ছাত্রীদের এই সাহসী ও আনন্দময় পদযাত্রা সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :