​ইরানের ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখতে প্রস্তুত রাশিয়া

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ০৬:৪৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ০৬:৪৯:০৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে রাখতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে রাশিয়া। ​

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনায় এ প্রস্তাব উত্থাপন করেছেন। তবে এটি বাস্তবায়নে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ​

এদিকে, নিরাপত্তা ঝুঁকির কারণে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘বুশেহর’ থেকে প্রায় সব কর্মী সরিয়ে নিয়েছে রাশিয়া।

দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আলেক্সেই লিখাচেভ জানান, কেন্দ্রটিতে কর্মরত ১০৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে; বর্তমানে সেখানে শীর্ষ পর্যায়ের মাত্র ২০ জন কর্মকর্তা অবস্থান করছেন। ​

মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। ​

মস্কো সতর্ক করে বলেছে, বুশেহর কেন্দ্রের আশেপাশে হামলা হলে তা চের্নোবিল বিপর্যয়ের চেয়েও ভয়াবহ তেজস্ক্রিয়তা ও বিপর্যয়ের সৃষ্টি করতে পারে। ​

উল্লেখ্য, ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই পারমাণবিক স্থাপনাটি ১,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি রিঅ্যাক্টর দ্বারা পরিচালিত। চলমান সংঘাতের মধ্যে ইতোমধ্যে কেন্দ্রটির আশেপাশে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। ​

এর আগে হওয়া এক হামলায় একজন নিরাপত্তারক্ষী নিহত হলেও স্থাপনাটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। ​

সূত্র: ডন

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :