হরমুজ প্রণালি পার

মার্কিন অবরোধ অমান্য করলো চীনা তেলবাহী জাহাজ

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১২:১৩:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১২:১৩:২৯ অপরাহ্ন
ইরানের সঙ্গে পাকিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালি অবরোধ করার নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবরোধের আওতায় হরমুজ প্রণালি দিয়ে আসা-যাওয়া করছে এমন প্রত্যকটি জাহাজকে মার্কিন নৌবাহিনী আটকে দেবে বলেও জানিয়েছিলেন তিনি।

তবে মার্কিন এই অবরোধ অমান্য করে হরমুজ প্রণালি পার হয়েছে একটি চীনা তেলবাহী জাহাজ। অবরোধ ভেঙে প্রণালি পার হওয়া এই জাহাজটি আবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও হরমুজ প্রণালিতে যে জাহাজ চলাচল পুরোপুরি থেমে নেই, নতুন এই খবরে এমনই ইঙ্গিত মিলছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ওয়াশিংটনের নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি চীনা তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে রয়টার্স জানিয়েছে। সংবাদ সংস্থাটি এলএসইজি, মেরিনট্রাফিক এবং ক্লেপলার-এর তথ্যের বরাতে এ তথ্য জানিয়েছে।

মার্কিন অবরোধ অমান্য করে হরমুজ প্রণালি পার হওয়া চীনের এই জাহাজটির নাম রিচ স্ট্যারি। অবরোধ শুরুর পর এটিই প্রথম জাহাজ, যা প্রণালি পেরিয়ে উপসাগর এলাকা থেকে বের হয়ে গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এই ট্যাংকার এবং এর মালিক প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডকে এর আগে ইরানের সঙ্গে লেনদেনের কারণে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় এনেছিল। জাহাজটি সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে তেল বোঝাই করে।

রয়টার্স আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা আরেকটি ট্যাংকার ‘মুরলিকিশান’ মঙ্গলবার (১৪ এপ্রিল) হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে এবং আগামী ১৬ এপ্রিল ইরাক থেকে অপরিশোধিত তেল লোড করবে বলে ধারণা করা হচ্ছে।

‘এমকেএ’ নামে পরিচিত এই জাহাজটি আগে রাশিয়া ও ইরানের তেল পরিবহন করেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :